গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৪:৪৪ পিএম
মফিজুর রহমান শেখ। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত মফিজুর রহমান শেখ ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৫ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মফিজুর রহমান শেখ রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের বাসিন্দা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান শেখ মারা গেছেন। এ ঘটনায় আগেই মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
নিহতের শ্যালক আম্মার মিয়া অসীম বলেন, ‘১৯ শতাংশ জমি নিয়ে মফিজুর রহমান শেখের সঙ্গে প্রতিবেশী সিরাজ শেখের বিরোধ ছিল। ২৬ এপ্রিল সকালে সিরাজ শেখ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ শেখ ও তার ছেলে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে মফিজুর রহমান শেখ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা রুমা বেগম ও তার ভাই সজল শেখ আহত হন। পরে তাদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।