প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১০:৪১ এএম
গাজীপুরে পুলিশের এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মীরাক্কেল তারকা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন। তার সঙ্গে আরও চারজন দগ্ধ হয়েছেন।
তাদের মধ্যে রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমান নামে তিনজনের অবস্থা গুরুতর। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ১৬ সেপ্টেম্বর বিকাল থেকেই জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সেখানে সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধনের পর এই দুর্ঘটনা ঘটে৷
আবু হেনা রনি ছাড়া দগ্ধ ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেল, অভিনেতা আবু হেনা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফ হোসেনের ৩০ ভাগ ও অন্য ব্যক্তিরা ২০ ভাগ দগ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, জিএমপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
প্রবা/এলএ/ এসআর