সিলেট অফিস
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২২:২১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ০০:০১ এএম
সংবাদ সম্মেলনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী।
শুক্রবার (৫ মে) বিকালে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন করে মাহবুবুর এসব অভিযোগ করেন। দলের পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
এই নেতা বলেন, প্রায় কোটি টাকার বিনিময়ে তার কাছ থেকে জাতীয় পার্টির টিকিট কেড়ে নেওয়া হয়েছে। এই কারণে দলীয় ফোরামে নেতারা তার সঙ্গে আলোচনা করার প্রয়োজন অনুভব করেননি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-নগর) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার কথা উল্লেখ করে মাহবুবুর বলেন, এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে এক বছর আগে থেকেই তিনি সিলেটে কার্যক্রম শুরু করেন। কিন্তু দুঃখের বিষয়, টাকার কাছে ফিকে হয়ে পড়েছে একজন রাজনীতিকের স্বপ্ন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জানানো হয় ৬ মে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। কিন্তু হঠাৎ একদিন দলের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে জানতে পারেন ৪ মে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভা হবে। বিষয়টি জানার পর দলীয় দপ্তরে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বার বার দলের চেয়ারম্যানের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রায় কোটি টাকা ব্যয় করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের মনোনয়নপত্র কিনে এনেছেন। কালো টাকার এই মালিকের কাছে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েও ব্যর্থ হলেন। তার সঙ্গে যে অন্যায়, অবিচার করা হয়েছে সিলেটবাসী এর বিচার করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবিব মইন, মহানগর জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মৌলভী আবুল কালাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসফ সেলু ও মুরাদ আহমদ শাহিন, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, সিলেট সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাদেক আহমদ সুয়েব, নগরীর ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সহসভাপতি রহমত উল্লাহ মাস্টার প্রমুখ।