গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২১:২৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২১:৪২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাইদুর রহমান টেপা বলেছেন, ভিডিওবার্তায় কথা বলে এ দেশে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে দেশে আসতে হবে, রাস্তায় নামতে হবে। দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান টেপা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। তা না হলে নাকি নির্বাচনে আসবে না। তাদের পালকিতে করে কেউ নির্বাচনে আনবে না। তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলে প্রেরণ করে। তিনি জেলখানায় বসে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাই জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না। আর জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।’
টেপা বলেন, ’জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্পত্তি নয়। তিনি আপামর জনগণের তথা সারা বিশ্বের সম্পত্তি। তাই এখানে যে কেউ শ্রদ্ধা জানাতে আসতে পারেন। জাতির পিতার সমাধি সবার জন্য উন্মুক্ত বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতীয় পার্টির অন্য প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টির খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম মধুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।