প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৯:৫৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২০:৩২ পিএম
পৃথক অভিযানে নোয়াখালী ও কুমিল্লা থেকে জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট। প্রবা ফটো
নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার ও শুক্রবার (৫ মে) পৃথক অভিযানে নোয়াখালী ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অব হিন্দ, মো. জাহিদুর রহমান ওরফে জাহিদ ও শাহাদত হোসেন। এটিইউ বলছে, ’আনসার আল ইসলাম’-এর প্রচার প্রচারনায় গ্রেপ্তার শিবলুর নেতৃত্বে প্রতি মাসে গোপন জায়গায় বৈঠক করতেন তারা।
বিষয়টি নিশ্চিত করে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে শিবলুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাতটি উগ্রবাদ মতাদর্শী বই, চারটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন এবং ১০টি সিমকার্ড জব্দ করা হয়।
এটিইউ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অন্যান্য সহযোগীসহ অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্রপ্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ, প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তা ছাড়া উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গোপন বৈঠকসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।
উগ্রবাদী মনোভাব-সম্পন্ন যুবকদের মোটিভেশন করে তাদের দিয়ে কীভাবে আনসার আল ইসলামের প্রচার-প্রচারণা চালানো যায় ও সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করার জন্য আসামি শিবলুর নেতৃত্বে প্রতি মাসে গোপন স্থানে বৈঠক করতেন বলে জানায় এটিইউ।