× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুখালীতে ইউএনওর ওপর হামলা

দুই মামলায় আসামি ৫০০, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৮:২৮ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৯:৫১ পিএম

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর এলাকাবাসীর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মধুখালী শিক্ষক সমিতি। প্রবা ফটো

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর এলাকাবাসীর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মধুখালী শিক্ষক সমিতি। প্রবা ফটো

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর এলাকাবাসীর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার (৫ মে) সকালে মধুখালী থানায় দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইউএনওর গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

অপর মামলাটি করা হয় পুলিশের পক্ষ থেকে। মধুখালী থানার এসআই প্রবীর কুমার বাদী হয়ে শুক্রবার সকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় মামলাটি করেন। এ মামলায়ও ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

এসব মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের প্রিন্স মোল্যা, ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলাম।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে ইউএনওর ওপর হামলা ও মামলার পর ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম প্রায় মানুষশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে বৃহস্পতিবার রাতেই গ্রাম ছেড়েছে মানুষ। শুক্রবার সকালে সরেজমিনে নিশ্চিন্তপুর গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রামের অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ। গ্রামে দেখা মেলেনি কোনো পুরুষ মানুষের। কয়েকজন নারী ও বৃদ্ধের দেখা মিললেও গণমাধ্যমে তারা কোনো কথা বলতে রাজি হননি।

নিশ্চিন্তপুর গ্রামের আশপাশের গ্রামের মানুষ জানায়, নিশ্চিন্তপুর গ্রামের খালপাড়ের বেশ কিছু জমি স্থানীয়রা চাষাবাদ করে আসছিল। হঠাৎ করেই গত মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এসে সেই জায়গাগুলো খাস বলে জানান এবং যারা এত দিন ধরে চাষাবাদ করে আসছিল তাদের সেখানে আর চাষাবাদ না করতে বলেন।

এ নিয়ে স্থানীয়দের সঙ্গে ইউএনওর বিরোধ শুরু হয়। সেই স্থানে আশ্রয়ণ প্রকল্পের ঘর তোলার জন্য প্রস্তুতি নিলে স্থানীয়রা জমিগুলো নিজের বলে দাবি করে। বেশ কয়েকজন তাদের কাগজপত্র দেখালেও অনেকেই কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা জমি থেকে সরে যেতে চাননি।

গত বুধবার আশ্রয়ণ প্রকল্পে ঘর তোলার জন্য সেখানে মিস্ত্রিদের থাকার জন্য শেড নির্মাণের জিনিসপত্র নেওয়া হলে রাতে দুর্বৃত্তরা তা ভেঙে ফেলে। পরদিন সকালে খবর পেয়ে ইউএনও আশিকুর রহমান ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন। পরে তারা ইউএনও, আনসার সদস্য ও ঠিকাদারের ওপর হামলা চালায়। বর্তমানে ইউএনও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে ইউএনওর ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মধুখালী শিক্ষক সমিতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা