মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৮:৩৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৩ ১৯:১১ পিএম
বৃহস্পতিবার পদ্মা সেতুর নিচতলায় রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। প্রবা ফটো।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই কাজ শেষ করার তাগিদ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে পদ্মা সেতুতে রেল সংযোগ কার্যক্রম পরিদর্শন শেষে ফরিদপুরের ভাঙ্গা জংশন স্টেশনে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মেয়াদ শেষ হবে।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে নির্মাণাধীন রেলস্টেশন পরিদর্শন করেন সচিব। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা সচিবকে মাওয়া স্টেশনের কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন।
পরে মাওয়া স্টেশন হতে ট্র্যাক কারে পদ্মা সেতুতে রেল সংযোগ কার্যক্রম পরিদর্শন শেষে শরীয়তপুরের শিবচরে পদ্মা স্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে জাজিরা আর্মি ক্যাম্পের সভাকক্ষে সেনাবাহিনীর প্রতিনিধিরা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সামগ্রিক কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ সচিবকে।
বেলা ৩টায় ভাঙ্গা জংশন স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সচিব। এ সময় তিনি সার্বিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্নের তাগিদ দেন।
তিনি বলেন, ’নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সমাপ্ত করা সম্ভব হবে এবং প্রকল্পের সুফল জনগণ ভোগ করতে পারবে।’ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পে সংশ্লিষ্ট থাকার সুযোগ পাওয়া অত্যন্ত গৌরবের।’
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৭ দশমিক ৩৬ শতাংশ। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৭৫ দশমিক ২৩ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৭০ দশমিক ৫৭ শতাংশ ও মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার অংশের অগ্রগতি ৯৩ দশমিক ৭৮ শতাংশ।
ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমিটার রেলপথ নির্মাণকাজ শেষে ৪ এপ্রিল রুটটিতে পরীক্ষামূলক যাত্রীসহ ট্রেন চলাচল করে।
সেদিন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথটি এ বছরের সেপ্টেম্বরে চালু হবে। আগামী আগস্ট মাসের মধ্যে এই অংশের কাজ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করবেন।
পদ্মা সেতু রেল প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি) এবং তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি)।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল প্রকল্পের পরিচালক আফজাল হোসাইন, ভাঙ্গা-মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদসহ অন্যান্যরা।