আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫২ পিএম
দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। ছবি : প্রবা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানা প্রস্তুতি চলছে। দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
তাদেরই একজন কারিগর ঝন্টু পাল। এবার প্রতিমা তৈরি করে ভালো সম্মানি পাওয়ায় দারুণ খুশি তিনি। প্রতিদিনের বাংলাদেশের কাছে তুলে ধরেন সেই অভিব্যক্তি। বলেন, ‘এবছর দুইজন কারিগর নিয়ে সাতটি প্রতিমা তৈরি করেছি। পারিশ্রমিকও ভালো পেয়েছি। পরিবারের সবার সঙ্গে এবার ভালো পূজা করতে পারব।‘
পূরাণ মতে, দুর্গাপূজায় দেবী কৈলাশ থেকে বাপের বাড়িতে ফেরেন। মহালয়া দিয়ে হয় এই উৎসবের সূচনা। চলতি বছর দুর্গাপুজো শুরু হচ্ছে অক্টোবর মাসের একেবারে শুরু থেকে।
এই হিসাবে দুর্গাপূজার বাকি সপ্তাহ দুয়েক। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। ৫ অক্টোবর মহা বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।
হাতে সময় কম তাই প্রতিমা সংগ্রহে ভক্তদের চাপ বাড়ছে। প্রতিমা কারিগর মকুল পাল বলেন, ‘যারা আগে ভাগে অর্ডার দিয়েছেন তাদের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। কেউ কেউ প্রতিমা নিয়েও গেছেন। অন্য বছরের তুলনায় এবছর কাজের পারিশ্রমিকও পেয়েছি ভালো।’
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কুমার চন্দ বলেন, উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ৩৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে পৌরসভায় আটটি, সদর ইউনিয়নে তিনটি, বদলপুর ইউনিয়নে ১৭টি, জলসুখা ইউনিয়নে চারটি, কাকাইলছেও ইউনিয়নে ছয়টি ও শিবপাশা ইউনিয়নে একটি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবী থাকবেন।
এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে আসছেন মর্ত্যলোকে। পাঁচদিন পর নৌকায় চড়ে ফিরবেন কৈলাশে।
প্রবা/ইউরি