রংপুর অফিস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২২:৩৬ পিএম
রংপুর সদর উপজেলার চন্দনপাটে কৃষকের ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ। প্রবা ফটো
অর্থের অভাবে ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে রংপুর জেলা যুবলীগ। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ডাঙ্গীরপাড় গ্রামের কৃষক জয়নাল আবেদীনের ৪৮ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেয় সংগঠনের নেতাকর্মীরা।
ধানকাটায় অংশ নেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক পরিমল চন্দ্র, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিওনসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী। তাদের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি।
জয়নাল আবেদীন বলেন, ‘ধান পেকে গেলেও টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলাম না। তাই পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা খবর পেয়ে ধান কেটে মাড়াই করে তুলে দিয়েছে। এই অর্থসংকটের মধ্যে বিনামূল্যে ধান কেটে দেওয়ায় আমি খুশি। যুবলীগের নেতারা সবসময় কৃষকের পাশে থাকবেন বলে প্রত্যাশা।’
মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্দ্র প্রহরী হিসেবে সদা জাগ্রত আছে সারা বাংলায়। কৃষকের সোনালী ধানের ক্ষেতের হাসি যেন মলিন না হয়, তার জন্য বসে আছি রংপুর জেলা যুবলীগ। এরই অংশ হিসেবে যুবলীগের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে কৃষক জয়নাল আবেদীনের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। অর্থের অভাবে কোন কৃষক ধান ঘরে তুলতে পারছে না এমন সংবাদ পেলে সেই কৃষকের পাশে দাঁড়াবো।’