× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী বিভাগে এসএসসিতে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১২:৪১ পিএম

রাজধানীর একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ছাত্রীরা। ছবি: আরিফুল আমিন

রাজধানীর একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ছাত্রীরা। ছবি: আরিফুল আমিন

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ঝরে পড়ার হার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছাত্রীদের মধ্যে এই হার বেশি। 

বোর্ডের দেয়া গত ৫ বছরের পরিসংখ্যান থেকে এমন তথ্য মিলেছে। শিক্ষার্থী ঝরে পড়ার কারণ নিশ্চিত করতে না পারলেও শিক্ষকরা বলছেন, এ বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।

সারা দেশের মতো রবিবার (৩০ এপ্রিল) থেকে রাজশাহী শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর এই বোর্ড থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা বোর্ডের দেয়া তথ্য মতে, ২০২৩ সালে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার ১৭ শতাংশ। যার মধ্যে ছাত্রদের হার ১২ দশমিক ৭২ ও ছাত্রীদের ঝরে পড়ার হার ২২ শতাংশ। 

এই বোর্ডের আট জেলার ২ লাখ ১৯ হাজার ৩৯৫ জন নিয়মিত শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়ার জন্য নিবন্ধন করেন। তবে এদের মধ্যে ৩৮ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত ফরম পূরণ করেননি। এই ৩৮ হাজার ৫৬৫ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই ২৫ হাজার ১১ জন।

গত বছর ২০২২ সালে এসএসসিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ১৩ দশমিক ৮২ শতাংশ। যার মধ্যে ছাত্রদের হার ছিল ৬ দশমিক ৪৫ এবং ছাত্রীদের হার ২০ দশমিক ৪১ শতাংশ।  ২০২১ সালে ঝরে পড়ার হার ছিল ১১ দশমিক ৬২ শতাংশ। যার মধ্যে ছাত্রদের হার ৫ শতাংশ এবং ছাত্রীদের ঝরে পড়ার হার ১৭ দশমিক ৭২ শতাংশ। 

২০২০ সালে ঝরে পড়ার হার ছিল ১২ দশমিক ১৯ শতাংশ। যার মধ্যে ছাত্রদের হার ৭ দশমিক ৪৯ শতাংশ এবং ছাত্রীদের ঝরে পড়ার হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। ২০১৯ সালে ঝরে পড়ার হার ছিল ১২ দশমিক ৮৮ শতাংশ। যার মধ্যে ছাত্রদের হার ৮ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্রীদের ঝরে পড়ার হার ১৭ দশমিক ১১ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। ২৬৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে ১৫টি কেন্দ্রে ২৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৮৪৭ জন অংশ  নিচ্ছে । নাটোরের ২৬টি কেন্দ্রে ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৬৫৫ জন অংশ  নিচ্ছে । নওগাঁর ৩৭টি কেন্দ্রে ৪২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন অংশ  নিচ্ছে।

এ ছাড়া পাবনার ৩১টি কেন্দ্রে ২৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ৩১৮ জন, সিরাজগঞ্জের ৪৪টি কেন্দ্রে ৩৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪৪ জন, বগুড়ার ৪২টি কেন্দ্রে ৪৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৯৬৮ জন এবং জয়পুরহাট জেলার ১৪টি কেন্দ্রে ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২০৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

২ লাখ ৫ হাজার ৮০২ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬২ হাজার ২২৩ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৭৯ জন ছাত্রী। 

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘ঠিক কী কারণে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে না তা বলা কঠিন। সরকার শিক্ষার প্রসারে নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থী ঝরে পড়ার কারণ চিহ্নিত করতে এ বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের তরফে জানানো হয়, সারা দেশের মতো ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা