জমি নিয়ে বিরোধ
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ২২:১৬ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে এক একর জমির পেঁয়াজের বীজ ক্ষেত থেকেই কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, এ ঘটনায় কৃষক ইসলাম উদ্দীন রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেশী দুলাল হোসেনসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ইসলাম উদ্দীন।
অভিযোগে বলা হয়, ধনিপাড়া গ্রামে এক একর জমিতে কৃষক ইসলাম উদ্দীনসহ তার দুই ভাই পেঁয়াজ রোপণ করেন। ইতোমধ্যে পেঁয়াজের বীজও হয়েছিল, কিছুদিনের মধ্যে ঘরে তোলার কথা ছিল। এরই মধ্যে শুক্রবার বিকেলে প্রতিবেশী প্রয়াত ফইর উদ্দীনের ছেলে দুলাল হোসেন, জয়নুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বে পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে পেয়াঁজ ক্ষেতের বীজ কেটে নিয়ে যায়। এ সময় কৃষক ইসলাম উদ্দীনসহ তার দুই ভাই বাঁধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজা করে এবং মারমুখী আচরণ করে। এছাড়াও তাদের হত্যার হুমকি দেয়।
ইসলাম উদ্দীন বলেন, ‘১৯৭২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আমার পিতা মৃত তারাব উদ্দিন ও তার পরিবারের লোকজন প্রতিবেশী তিনভাই ফইর উদ্দিন, মইর উদ্দিন, মইমত উদ্দিনের কাছে প্রায় ১ একর ৫০ শতক জমি ক্রয় করে। সেসব জমিতে আমরা চাষাবাদ করে আসছি। এখন তাদের ছেলে ও পরিবারের অন্য সদস্যরা ক্রয়কৃত জমিটি নিজেদের দাবি করে বিভিন্ন সময় দখল করার পাঁয়তারা করে আসছে। এ ঘটনায় মামলা চলমান রয়েছে।
অভিযুক্তদের মধ্যে দুলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার জমিতে ইসলাম উদ্দীন ও তার পরিবারের লোকজন জোরপূর্বক পেঁয়াজ রোপণ করেছিল। আমাদের জমিতে থাকা বাঁশের খুঁটিগুলো উত্তোলন করেছি; এছাড়াও কারও পেঁয়াজের বীজ কেটে নিয়ে যাইনি। হয়রানি করার জন্য তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে।’
রুহিয়া থানায় ওসি সোহেল রানা বলেন, ‘ইসলাম উদ্দীন অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’