প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ২২:৩৮ পিএম
সংগৃহীত ছবি
দেশের ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে বজ্রপাতের এসব ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আবদুল মালেক এবং একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলেমান শেখ।
বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, বিকালে জমিতে ধান কাটছিলেন মালেক ও সোলেমান। এসময় বজ্রপাতে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু মিয়া বজ্রপাতে দুজন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।
এদিকে বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে গিয়ে খলিলুর রহমান নামে এক কৃষক ও ক্ষেত থেকে ডাল তোলার সময় হোসনে আরা বেগম নামে এক নারী বজ্রপাতে মারা গেছেন।
উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া ও মানিকখালি এলাকায় এ ঘটনা ঘটে।
খলিল তাফালবাড়িয়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে। আর হোসনে আরা পার্শ্ববর্তী মঠবাড়িয়ার নলী জয়নগর এলাকার আব্দুস সালাম খলিফার স্ত্রী।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে এনামুল হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে।
এনামুল পাবনা শহীদ বুলবুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশ থেকে ঘাস কেটে বাড়ি আসছিলেন এনামুল। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়ায় বজ্রপাতে লোকমান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে। লোকমান আলী সিংজানী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, বিকালে লোকমান আলী মাঠে ঘাস কাটতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে মিজু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। উপজেলার কাকিলাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
ওসি জানায়, বিকালে মিজু মিয়া ও তার মেয়ে মিম আক্তার মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে মাঠ থেকে দৌঁড়ে বাড়িতে যাওয়ার সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন বাবা ও মেয়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মিজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মিম আক্তার চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া বৃষ্টিতে ভিজে কাজ করার সময় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মোস্তফা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মোস্তফা মিয়া হাটবারেঙ্গা গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে। পূর্বধলা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।