চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:২১ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৬ পিএম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নুর ইসলাম প্রকাশ মুরাদ, মো. জুয়েল, মো. রাসেল ও রিমা আক্তার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার ও শনিবার (২৯ এপ্রিল) দুদিনের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৫ এপ্রিল দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার এসএস ভবনের সেমিপাকা কলোনির প্রবেশ মুখে খেলা করার সময় আড়াই বছরের শিশু মাহিমকে অপহরণের ঘটনায় অভিযানে নেমে এই চক্রের সন্ধান পায় পুলিশ। অপহরণের পর দুই লাখ ২০ হাজার টাকায় শিশু মাহিমকে বিক্রি করে দিয়েছিল চক্রটি।
সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, মাহিমকে অপহরণের ঘটনায় চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন মা পারুল বেগম। অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ বলেন, ২৫ এপ্রিল দুপুরে খেলা করার জন্য বাসা থেকে বের হয়ে গলির মুখে যায় মাহিম। সেখান থেকে নুরুল ইসলাম মুরাদ ও জুয়েল মাহিমকে অপহরণ করে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে অভিযানে নেমে গত শুক্রবার সকালে মুরাদ ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করে। হাটহাজারী থানার ছিপাতলীতে লুতি তালুকদার বাড়ি থেকে শিশু মাহিমকে উদ্ধার করা হয়।