× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ‘মুক্তিপণ’ দিয়ে ফিরেছে অপহৃত ৫ শিশু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:৫০ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৫ পিএম

টেকনাফে ‘মুক্তিপণ’ দিয়ে ফিরেছে অপহৃত ৫ শিশু

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক থেকে অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৪ দিন পর ফিরে এসেছে। পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর শনিবার (২৯ এপ্রিল) ভোরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। 

ফেরত আসা শিশুরা হলো, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল, মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল, উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত, বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান, ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল।

শিশুদের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা। তবে তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম জানিয়েছেন, গত ২৪ এপ্রিল সোমবার দুপুরে ন্যাচার পার্ক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে তারা। গত চার দিন তাদের সঙ্গে দরকষাকষির পর জনপ্রতি এক লাখ করে তাদের দেখিয়ে দেওয়া স্থানে রেখে আসলে পরে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, দমদমিয়া ন্যাচার পার্ক এলাকা থেকে শিশুরা অপহরণের শিকার হয়। তবে মুক্তিপণ দাবির বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো আমাদের কিছুই জানায়নি। এর মধ্যে তাদের উদ্ধারের জন্য পুলিশ ও এপিবিএন পুলিশ দিন-রাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, অপহরণের পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এরপরও পুলিশ তাদের উদ্ধারের জন্য অভিযান চালিয়ে আসছিল।

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড়ে ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। যাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। এ ছাড়া কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা