নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৫:১৭ পিএম
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। প্রবা ফটো
নোয়াখালীর হাতিয়ায় ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাতিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ডের অনেক পরে আমাদের জানানো হয়েছে। ৯৯৯ থেকে আমাদের সংবাদ দেওয়া হয়। এলাকাটা উপজেলা সদর থেকে অনেক দূরে হওয়ায় যেতে সময় লেগেছে। যাওয়ার অনেক আগেই পুড়ে ছাই হয়ে গেছে অধিকাংশ দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।’
চরকিং ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন বলেন, ‘আগুনে বাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’
ব্যবসায়ীরা জানান, একটি চায়ের দোকান থেকে আনুমানিক রাত ৩টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের চিৎকারে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টিন দোকানের ব্যবসায়ী কবির হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া ২০টি দোকানের মধ্যে আমার টিনের দোকান রয়েছে। এই দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। রাত হওয়ায় দোকানের কোনো মালামাল বের করতে পারেননি।
এজি ফার্মেসির মালিক ফরহাদ হোসেন বলেন, ‘বৈশাখে বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে নতুন করে দোকানে চালান দিয়েছি। কিছুদিন আগে বাড়ির ঘর চুরি হয়েছে। আমার তিলে তিলে গড়া স্বপ্ন আজকে আবার আগুনে পুড়ে গেছে। আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম।’