ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ২১:৪৩ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ২২:০৮ পিএম
বেইলি ব্রিজ ৪০ চাকার লড়িসহ নদীতে ভেঙে পড়েছে। প্রবা ফটো
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় খিরু নদীর ওপর নির্মিত পুরোনো বেইলি ব্রিজ ৪০ চাকার লড়িসহ নদীতে ভেঙে পড়েছে। এ সময় একটি যাত্রীবাহী প্রাইভেটকারও উল্টে য়ায়। এতে প্রাইভেটকারে থাকা তিন যাত্রীসহ আহত হয়েছেন মোট চারজন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে খিরু নদীর ওপর দুটি বেইলি ব্রিজ ছিল। এর মধ্যে ময়মনসিংহগামী পুরোনো বেইলি ব্রিজটিতে ট্রান্সফরমার বহন করা ৪০ চাকার একটি লড়ি উঠতেই ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। ওই সময় ব্রিজে আরও একটি যাত্রীবাহী প্রাইভেটকার ছিল। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়।
ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন জানান, বেইলি ব্রিজটি বহু পুরোনো। ট্রান্সফর্মারবাহী একটি ৪০ চাকার লড়ির ওভারলোডের কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।
এদিকে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে চারজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ট্রান্সফর্মারবাহী একটি ৪০ চাকার লড়ি ও প্রাইভেটকারটি ময়মনসিংহ হয়ে জামালপুর যাচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশালের সংসদ সদস্য রুহুল আমিন মাদানি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিনসহ সওজ বিভাগের কর্মকর্তারা।