গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:৩৬ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা চরভাটপাড়া গ্রামের মফিজুর রহমান শেখ, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা রুমা বেগম ও তার ভাই সজল শেখ।
আহত মফিজুর রহমান শেখ বলেন, ‘সিরাজ শেখ ও তার বোনের কাছ থেকে ১৯ শতক জমি কিনি। কিন্তু তারা জমিটি আমাদের বুঝিয়ে দিচ্ছে না। জমি পরিমাপের দিন ছিল আজ। এ সময় কথা-কাটাকাটি হলে সিরাজ শেখ ও তার ছেলেরা আমাদের ওপর হামলা চালায়।’
এই অভিযোগের বিষয়ে সিরাজ শেখ বলেন, ‘মফিজুর রহমান শেখ আমার ও আমার বোনের কাছ থেকে ১৯ শতক জমি কেনে। কিন্তু তারা জবরদখল করে ১৯ শতকের জাযগায় ২৪ শতক জমি ভোগ-দখল করে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার শালিস হলেও তারা মানেনি। আজ শালিস বৈঠক হলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ’এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’