সাবেক কাউন্সিলরকে কুপিয়ে জখম
বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৯:৪০ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২০:০৯ পিএম
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর শংকর পালকে কুপিয়ে জখমের মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় খাসকেল, উপজেলার সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী প্রমুখ।
বক্তারা বলেন, পৌরসভার বর্তমান কাউন্সিলর ও চিহ্নিত ছিনতাইকারী হারুন মল্লিক, তার ছেলে আরিফ মল্লিকসহ পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী সাবেক কাউন্সিলর শংকর পালকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। ঘটনার দুদিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যা অত্যন্ত দুঃখজনক। তারা আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
এর আগে ২৩ এপ্রিল রাতে শহরের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয় ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর পাল। এ ঘটনায় ওই দিন রাতে শংকর পালের স্ত্রী সুমা পাল বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় বর্তমান কাউন্সিলর হারুন মল্লিক, তার ছেলে আরিফ মল্লিকসহ ছয়জনকে আসামি করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে সব রকমের চেষ্টা চলছে। আশা করি, অতিদ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’