কক্সবাজার অফিস
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৯:০১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২০:০০ পিএম
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে অপহৃত পাঁচ রোহিঙ্গা শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে জাদিমুড়ার নেচার পার্ক থেকে মুখোশধারী সাত থেকে আট সশস্ত্র সন্ত্রাসী পাঁচ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে।
অপহৃতরা হলো, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল, মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল, উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত, বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান, ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘ওই শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘোরাঘুরি করছিল। এ সময় নেচার পার্ক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে মুক্তিপণের বিষয়ে তাদের এখনও পরিবারগুলো কিছুই জানায়নি।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ’অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃতদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।’
এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় থেকে ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটল।