চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:১২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৪২ পিএম
ফাইল ফটো
চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে এক কিশোর।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় সাগরিকা এক্সপ্রেস থেকে পড়ে তার মৃত্যু হয়।
ওই কিশোরের নাম পারভেজ আহম্মেদ দেলোয়ার। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেলোয়ার ট্রেনের ছাদে ভ্রমণ করছিল। কোনোভাবে সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার শরীর কয়েক টুকরা হয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।