বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ২৩:৩৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১১:৪২ এএম
হামলায় আহত বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পাল। প্রবা ফটো
পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে শহরের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতের ভাই রাজীব পাল জানান, শংকর পাল নিজস্ব মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় বর্তমান কাউন্সিলর মো. হারুন মল্লিকের ছেলে মো. আরিফসহ পাঁচ-ছয় জন তার গতিরোধ করে হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব মাহমুদ জানান, সাবেক কাউন্সিলর শংকর পালের ডান হাতের কনুই ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর হারুন মল্লিকের ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ওসি জানান, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।