গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১০:০২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১১:৩৪ এএম
গোপালগঞ্জে আগুন লেগে ৩৪টি দোকান পুড়ে গেছে। প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৪টি দোকান পুড়ে গেছে। আরও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের ব্যাপারীপট্টিতে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, ঈদের দিন হওয়ায় বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে ঘাঘর বাজারের ব্যাপারীপট্টি রোডের একটি দোকানে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মুদি, জুয়েলার্স, চায়ের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে যায়। ১০টি দোকানের মালামাল পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার নিখিল দাস জানান, ঈদ হওয়ায় বাজারের সব দোকান বন্ধ ছিল। কিন্তু কীভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে কিছুই জানি না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।
আরেক মুদি দোকানদার হানিফ খান বলেন, ঈদে পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত ছিলাম। রাতে আগুন লেগে সব আনন্দ পুড়ে ছাই হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। আমরা সরকারের সহযোগিতা চাই।
জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার ফরাজি বলেন, মাত্র কয়েক ঘণ্টায় ঈদের সব আনন্দ শেষ হয়ে গেছে। আমার যা ছিল আগুন সব নিয়ে গেছে। এখন আমি পুরো নিঃস্ব। এ আগুনে অনন্ত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরেক জুয়েলারি ব্যবসায়ী উজ্জ্বল মধু বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর বাজারের দোকান বন্ধ থাকে। আমরা সারা দিন ঈদ আনন্দ উপভোগ করলেও রাতে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। এখন সব হারিয়ে পথে বসেছি।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে তা জানা যাবে।