দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৮:০৬ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৮:১৫ পিএম
ফাইল ছবি
ঈদ আনন্দ উপভোগ করতে ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাসুদ রানা নামে এক তরুণের। তার বোন এখন হাসপাতালে।
শনিবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোবারক জানান, ভাই-বোন গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছে।
নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন মাসুদ রানার বোন ১৩ বছরের জিন্নাত রহমান বীথি, ২০ বছরের শাহেদ হোসেন ও ১৩ বছরের মনিরা আক্তার। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহত জিন্নাত রহমান বীথি বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল বলেন, সড়ক দুর্ঘটনায় বুকে আঘাত লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।