× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রা : পাটুরিয়া ঘাটে নেই ভোগান্তি, পৌঁছালেই মিলছে ফেরি

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৯:০৪ পিএম

ভোগান্তি ছাড়াই ঘাট পার হচ্ছে যাত্রীরা। প্রবা ফটো

ভোগান্তি ছাড়াই ঘাট পার হচ্ছে যাত্রীরা। প্রবা ফটো

মাত্র দুদিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঘাট এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও দুপুরে যানবাহনের জন্য ঘাট এলাকায় ফেরিগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে। গত বছরের জুনে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের যাত্রী ও যানবাহনের সংখ্যা কমেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিবহরের ছোট-বড় ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।  

ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের তিন সদস্য নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা মনোয়ার রহমান। তিনি বলেন, ‘এ বছর পাটুরিয়া ফেরিঘাটের চিত্র অন্যান্যবারের ঈদের তুলনায় আলাদা। যানবাহনের চিরচেনা উপচে পড়া সেই ভিড় নেই। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারা সে এক আলাদা অনুভূতি, যা বলে প্রকাশ করা সম্ভব নয়। রাস্তায়ও তেমন কোনো যানজট চোখে পড়েনি। স্বাভাবিক সময়ের মধ্যেই গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়ায় এসেছি।’

বেলা আড়াইটার দিকে পাটুরিয়ার চার নম্বর ঘাট এলাকায় ঝিনাইদহগামী একটি দূরপাল্লার বাসের চালক রাশেদুর রহমান বলেন, ‘আগে এই ঘাট এলাকায় আসতে যেমন সময় লাগত, তারচেয়ে বেশি সময় ঘাট এলাকায় অপেক্ষা করতে হতো। এতে করে গাড়ির স্টাফসহ যাত্রীরা গরমে ভোগান্তিতে পড়তেন। সেই ভিড়ের ছিটেফোটাও এখানে নেই। ঘাটে আসার ১৫ মিনিটের মাথায় ফেরিতে উঠতে পেরেছি।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’গত বছরের ঈদের সময়ের তুলনায় এবার পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ খুবই কম। এবার ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করায় কোনো দুর্ভোগ ছাড়াই মানুষ নদী পার হতে পারছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা