চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
তীব্র গরমে কয়েক দিন ধরে হাসফাঁস অবস্থা বন্দরনগরী চট্টগ্রামের মানুষের। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও পানির জন্য নগরবাসীর হাহাকার। এতে করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জরুরি ভিত্তিতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়িয়ে লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রতিদিন গড়ে বিদ্যুৎ প্রয়োজন ১১শ’ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ৮৫০ মেগাওয়াট। এতে করে লোডশেডিং বেড়েছে চরম আকারে। নাজুক পরিস্থিতির মুখে পড়ছে চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন শিল্পকারখানা, দোকানপাট, শপিংমল ও বাসাবাড়ির লোকজন। বিশেষ করে গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। বিদ্যুৎ একবার গেলে আর আসার খবর থাকে না।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্যাবের বিবৃতিতে বলা হয়েছে, রমজানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তাদের আশ্বস্ত করেছিল যে রোজায় বিদ্যুৎ, পানি ও গ্যাস নিয়ে সংকট হবে না। কিন্তু বাস্তবে এই গরমের মধ্যেই রোজা রেখে বিদ্যুৎ ও পানির অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে মানুষকে। তাই জরুরি ভিত্তিতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে বিদ্যুতের সরবরাহ বাড়ানো প্রয়োজন।
বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।