চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৯:৩২ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৯:৫০ পিএম
সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। প্রবা ফটো
সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ যুব বিদ্রোহের মাধ্যমেই বপন হয়েছিল। এখন রাষ্ট্রের দায়িত্ব যুব বিদ্রোহকে স্মরণ করা এবং বিপ্লবীদের সম্মান জানানো।
‘যুব বিদ্রোহ দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদের আলোচনা সভায় অনুপম সেন এসব কথা বলেন। ‘রাস্তাজুড়ে রোদ হোক’ শিরোনামে এ অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করা হয়।
অনুপম সেন বলেন, ‘বাংলার ইতিহাসে গৌরবগাথা কম নয়। কিন্তু প্রায় বিস্মৃতির অতলে চলে গেছে আমাদের জাতীয় জীবনের এক অমূল্য বীরত্বগাথা চট্টগ্রাম যুব বিদ্রোহ। সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে কয়েকজন তরুণ যোদ্ধা। দোর্দণ্ডপ্রতাপের ব্রিটিশ শাসনের বিশাল ভারতবর্ষে চট্টগ্রামকে চার দিন স্বাধীন করে রেখেছিল কয়েকজন অকুতোভয় বিপ্লবী।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যকার ও নির্দেশক প্রদীপ দেওয়ানজী, বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ’চট্টগ্রাম যুব বিদ্রোহে যারা নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই মহান শহীদদের আদর্শকে তরুণদের সামনে তুলে ধরতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। পরে দলীয় সংগীত পরিবেশন করেন অভ্যুদয় ও ধ্রুপদ সংগীত নিকেতন। দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ একাডেমি ও নৃত্য নিকেতন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও বোধন আবৃত্তি পরিষদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন হোসাইন কবির, মালেক মুস্তাকিম, সারাফ নাওয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপম শীল।