× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার উপকূলের অদূরে ভাসছে বিশালাকৃতির মৃত তিমি

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:৩০ পিএম

কক্সবাজার উপকূলে ভাসছে মৃত তিমি।

কক্সবাজার উপকূলে ভাসছে মৃত তিমি।

কক্সবাজার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত এলাকার অন্তত এক কিলোমিটার দূরের সাগরে ভাসছে বড় আকারের একটি মৃত তিমি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত সাগরে মৃত তিমিটি ভাসতে দেখা গেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

তিনি জানান, ভাসমান মৃত তিমিটি অন্তত ৫০ ফুটের বেশি দৈর্ঘ্যের এবং এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, তিমিটির মৃত্যু অন্তত সপ্তাহখানেক আগে হয়েছে।

স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ বলেন, ’মঙ্গলবার সকালে কক্সবাজার সৈকতে হিমছড়ি পয়েন্টসংলগ্ন অদূরবর্তী সাগরে একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও জেলেরা। পরে স্থানীয়রা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।‘

তিনি বলেন, ‘খবর পেয়ে জেলা প্রশাসনের পর্যটনের কয়েকজন বিচকর্মী স্পিডবোটে সাগরে তিমিটির ভাসমানস্থলে পৌঁছেন। বেলা ৩টার দিকে তিমিটি সৈকতের বালিয়াড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরের সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির শরীরে মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় দেখা গেছে।’

বিচকর্মীদের বরাতে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মৃত তিমিটি আনুমানিক ৫০ ফুট দৈর্ঘ্যের। এটি পচে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে, তিমিটির অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে। তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি।’

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল হায়দর বলেন, ’মঙ্গলবার সকালে সাগরে মৃত একটি তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিওচিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, মৃত তিমিটি ‘ব্রাইডস’ প্রজাতির।

’তিমিটির শরীর মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় রয়েছে। তিমিটি পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।’

বুরির এ সমুদ্রবিজ্ঞানী বলেন, ‘তিমিটি মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।’

বেলাল হায়দর জানান, তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, বেলা ৩টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় ভেসে না এলে কূলে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বন বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা