জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২১:৫৬ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট প্রকল্পের ৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রবা ফটো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের ৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার রায়কালী বাজারের দুটি দোকান থেকে এসব চালের বস্তা জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রায়কালী বাজারে মো. বাবলু ও সারোয়ার হোসেন নামের দুই ব্যবসায়ীর দোকান থেকে ভিডব্লিউব’র ৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীর কেউই দোকানে ছিলেন না। পরে এগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডলের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে নতুন নামে ভিডব্লিউবি প্রকল্প চালু করা হয়েছে। রবিবার সকাল থেকে ইউনিয়নের সুবিধাভোগীদের চাল বিতরণ করা হচ্ছিল। ইউপি কার্যালয় চত্বরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অবস্থান করছিলেন। তারা সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তা এক হাজার ২০ থেকে এক হাজার ৫০ টাকায় কেনেন। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন অভিযান পরিচালনা করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা বলেন, ‘রায়কালী ইউনিয়ন পরিষদে গত ১২ এপ্রিল চাল বিতরণের কথা ছিল। ইউনিয়নের চেয়ারম্যান ওই দিন চাল বিতরণ করেননি। রবিবার চাল বিতরণ করার কথাও তিনি জানাননি। এ কারণে ট্যাগ অফিসার সেখানে উপস্থিত ছিলেন না।’
ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল বলেন, ‘টিসিবি ও ভিজিএফ চাল বিতরণের চাপ থাকায় ১২ এপ্রিল ভিডব্লিউব’র চাল বিতরণ করা যায়নি। সেগুলো আজ বিতরণ করা হচ্ছে। কয়েকজন সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছে চাল বিক্রি করছিলেন। ইউএনও স্যার জেনে উপজেলা সহকারী কমিশনারকে অভিযানে পাঠান। তিনি দুই ব্যবসায়ীর দোকান ঘর থেকে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা চাল জব্দ করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘জব্দকৃত চাল পরবর্তীতে অসহায়, দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।’