বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২১:২৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২১:৪২ পিএম
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) তার কবর জিয়ারত, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমির নেতৃত্বে মরহুমের মাগফেরাতের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে এহতেশামুল হাসান আব্দুল মতিন খসরুর কবর জিয়ারত করেন। পরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই কাকিয়ারচর দারুল আমান মোহাম্মদীয়া এতিমখানায় দুই শতাধিক এতিমকে নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এহতেশামুল হাসান বলেন, কুমিল্লা-৫ আসনের জনগণের কল্যাণে তিনি কাজ করতে চান। সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন। এ ছাড়া তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোকাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন দারুল আমান মোহাম্মদিয়া এতিমখানার সভাপতি হোসেন বিন বলিল। দোয়া পরিচালনা করেন মাওলানা মোছলেম উদ্দিন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, শাহীন কাদির, সফিকুর রহমান, মো. শাহজাহান, মো. শাহ আলম, মো. মোবারক হোসেন মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাইফ উদ্দিন মেম্বার, কাউসার আহাম্মদ, জাকির হোসেন মেম্বার, মোকাম ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইন্দ্র জিৎ ভৌমিক, আব্দুর রউফ, সাফায়েত হোসেন, আবু নাঈম, জুয়েল রানা প্রমুখ।