সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৮:২০ পিএম
শনিবার সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হতে পারে বলে সন্দেহ করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, ‘প্রথমে মনে হয়েছিল অতিরিক্ত খরা ও গরমে ঘনবসতিপূর্ণ বিপণি বিতানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে কি না। কিন্তু এখন নাশকতার সন্দেহ হচ্ছে এজন্য যে, একটি মহল সরকারকে গায়ের জোরে বিদায় করতে চায়। অতি উৎসাহী এই মহলের ষড়যন্ত্রও হতে পারে এটি। তারা সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা নানাভাবে ইতঃপূর্বে করেছে। এটিও তাদের কাজ কি না, খতিয়ে দেখা প্রয়োজন।’
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীর মধ্যে এক কোটি ৭৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সূচিত্রা রায়সহ অনেকে।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চান। এজন্য গ্রামীণ আয় বেড়েছে। এর আগে কোনো সরকার গ্রামের দিকে এভাবে তাকায়নি। প্রধানমন্ত্রী মনে করেন গ্রামে যত টাকা যাবে, অর্থনীতি তত চাঙা হবে। বর্তমান সরকারের সময়কালে গ্রামীণ আয় বেড়েছে।’
তিনি বলেন, ‘কোভিড ও ইউক্রেন যুদ্ধের সময় বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ১৮ দশমিক সাতে নেমেছে। এটি সম্ভব হয়েছে বিচক্ষণতার সঙ্গে কোভিড মোকাবিলা করায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ঈদের পর নতুন ফসল উঠলে নিত্যপণ্যেও দাম কমবে।’