শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৩:৪৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে ধানক্ষেত বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক কৃষক। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
শুক্রবার (১৪ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার জুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ৩৫ বছর বয়সী ওই কৃষকের নাম আব্দুল করিম। আহত আরেক কৃষক রবিজলকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রাত ৩টার দিকে শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের বালিজুরি রেঞ্জ এলাকার জুলগাঁও পাহাড়ি গ্রামের ধানক্ষেতে একদল বন্য হাতি ধান খেতে নামে। ধানক্ষেত বাঁচাতে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া করেন। এ সময় আব্দুল করিম হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রবিজল।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘আব্দুল করিমের মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত ইউডি মামলা হয়েছে।’