× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনরক্ষীদের তাড়া খেয়ে নিখোঁজ জেলের মরদেহ মিলল ৬ দিন পর

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৩:২১ পিএম

হিলটন নাথ। ছবি সংগৃহীত

হিলটন নাথ। ছবি সংগৃহীত

সুন্দরবনে বনরক্ষীদের তাড়া খেয়ে নিখোঁজের ছয় দিন পর হিলটন নাথ নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) রাতে স্থানীয় জেলেদের খবরের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসংলগ্ন একটি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবনসংলগ্ন খালে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বনরক্ষীদের তাড়া খেয়ে হিলটন নাথ নামে এক জেলে নিখোঁজ থাকার অভিযোগ করেন স্বজনরা। এ ছাড়া তাদের বিরুদ্ধে জেলেদের নির্যাতন করার অভিযোগও করেন স্বজনরা।

তবে ঘটনার পর বন বিভাগের কর্মকর্তারা দাবি করেন, অভিযানের সময় এক জেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যান।

সেদিন আটক হওয়া তিন জেলের নামে মামলা দিয়ে আদালতে পাঠায় বন বিভাগ। ওই দিন থেকে নিখোঁজ হিলটন নাথকে নদীতে খুঁজতে থাকেন স্বজনরা।

হিলটন নাথ মোংলার চিলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার চাচা স্বপন নাথ অভিযোগ করেন, গত ৭ এপ্রিল রাতে হিলটন নাথ ও তার ভাই সাগর, জাকির এবং অসিম মাছ ধরতে যান। রাত সাড়ে ৩টার দিকে বন বিভাগ দুটি স্পিডবোট ও দুটি ট্রলার নিয়ে জোংড়া খালে ঢুকে মাছ ধরা অবস্থায় জেলেদের মারপিট শুরু করে। এ সময় জাকির, সাগর ও অসিমকে আটক করেন বনরক্ষীরা। এ সময় ভয়ে খালে পড়ে যান হিলটন নাথ। পরদিন আদালতের মাধ্যমে ওই তিনজনকে জেলে পাঠানো হয়। এরপর হিলটনকে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনেরা।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ৭ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় তিন যুবককে আটক করা হয়। মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়। এ সময় কাউকে ধাওয়া, মারধর বা নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি। ওই পরিবার কেন এ ধরনের অভিযোগ করছে, বিষয়টি আমাদের জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা