শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২০:৩৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২১:০৭ পিএম
শরীয়তপুরের ডামুড্যায় যানবাহন আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
শরীয়তপুরের ডামুড্যায় যানবাহন আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
কালাম চৌকিদার দীর্ঘদিন ধরে উপজেলায় অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা নেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নতুন কোনো গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার টাকা দিতে হয়। টাকা না দিলে সেই গাড়ি নিয়ে যায় তার লোকজন।
এ দিন সকালে জুলফিকার আলী নামে এক ব্যক্তি কালাম চৌকিদারের বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযোগে জুলফিকার আলী বলেন, ‘তার সিএনজিচালক ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন কালাম। স্থানীয়দের সঙ্গে বসে কালামকে ৫ হাজার টাকা দেওয়া হয়। তবে পুরো টাকা না পাওয়ায় তার সিএনজি জোর করে নিয়ে যায় কালাম।’
এ ছাড়া কালামের বিরুদ্ধে ডামুড্যায় মাদক বিক্রি, অন্যের জায়গা দখল ও চোরাই অটোগাড়ি বিক্রির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এর মধ্যে আটটি মামলা আদালতে চলমান রয়েছে।
শরীয়তপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন, ‘আমাদের সংগঠনে কোনো চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ‘কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আসছিল আমাদের কাছে। এসব ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে আমরা গ্রেপ্তার করি। এ ছাড়া তার বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে।’