মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৯:৩৫ পিএম
ঘিওর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ইফতারসামগ্রী বিতরণকালে সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। প্রবা ফটো
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘এ এলাকায় অনেকেই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, আবার চলেও গেছেন। মনোনয়ন ও ভোটের সময় তারা আপনাদের কাছে আসলেও মানুষের প্রয়োজনের সময় তাদের কাউকেই পাওয়া যায় না। আমরা আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে আছি। একটা বিষয় এখন প্রমাণিত, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে।’
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঘিওর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ইফতারসামগ্রী বিতরণর সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
দুর্জয় আরও বলেন, ‘প্রতিবছর রমজানে আওয়ামী লীগের দলীয় ব্যানারে বিভিন্ন ইউনিট ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। যেহেতু সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট রয়েছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে যাদের ইফতারসামগ্রী প্রয়োজন তাদেরকে যেন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা শুধু জনগণকে বলে আওয়ামী লীগ বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এখন আর পেছনে যাওয়ার সুযোগ নেই, বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সচীন্দ্র নাথ মিত্র, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা প্রমুখ।