লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৭:০৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৯:১৬ পিএম
ফাইল ফটো
লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় স্বামী আলী মোহনকে শ্বাসরোধে হত্যার দায়ে দিলু বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিত দিলু ফেনী জেলার চন্ডিপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। হত্যার শিকার মোহন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কালিদাসেরবাগ গ্রামের খোকন মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে তিনি জানান, মোহন কাজের সুবাধে ফেনীতে থাকতেন। ২০১১ সালের ৩০ মার্চ রাতে তিনি ফেনী থেকে লক্ষ্মীপুরের বাড়িতে আসেন। ওই রাতে মোহনের সঙ্গে স্ত্রী দিলুর ঝগড়া হয়। পরে মোহন ঘুমিয়ে পড়লে দিলু তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। রাত ১টার দিকে মোবাইলফোনে ছেলের মৃত্যুর খবর পান। মৃতদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।
এ ঘটনার পরদিন ৩১ মার্চ মা জাহানারা বেগম পুত্রবধূ দিলুকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার পরদিন দিলুকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপন করেন।
২০১১ সালের ১৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল আদালতে দিলুকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় সাড়ে ১২ বছর পর অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।