কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৬:০৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৬:৩৭ পিএম
বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদক। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল
মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানান।
মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার মধ্যরাতে টেকনাফের
হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদক পাচারের খবর
পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। মিয়ানমার থেকে একটি নৌকা করে দুজন লোক জলসীমা
অতিক্রম করলে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। তারা নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের
অভ্যন্তরে পালিয়ে যায়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পাচারকারীদের নৌকা তল্লাশি করে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ
আইস, ১০ হাজার ইয়াবা ও ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ নৌকাটি জব্দ করা হয়েছে।
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে তিনি জানান।