কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৯:৩২ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো
বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ’দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে, সেটা আমরা সবাই জানি।’
জাসদ নেতা ইনু বলেন, ’বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করব না। তাদের সব কথার শেষ কথা হচ্ছে, শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে। যারা উৎখাত চায় তারা নির্বাচন বানচাল করতে চায়। যারা উৎখাত চায় তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। যারা উৎখাত চায় তারা বাংলাদেশের সাংবিধানিক ধারাকে ধ্বংস করতে চায়।’
স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোনো পথ খোলা নেই দাবি করে ইনু বলেন, ’বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই, যথাসময়ে নির্বাচন হবে।’
সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মিরপুর উপজেলার তাঁতিবন্দ এলাকায় এলজিডির তত্ত্বাবধানে সেতু ও সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে—বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, ’বিএনপি নেতা মির্জা ফখরুলসহ শতাধিক নেতা প্রতিদিন সরকারের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি ও মিথ্যাচার করছে। কিন্তু আজ পর্যন্ত তাদের কারও বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ।’
ইনু বলেন, ’যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেওয়া হচ্ছে না। এটা যাচাই-বাছাই করা হচ্ছে।’
বিএনপির কয়জন নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছেন তার তালিকা চেয়ে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছে, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছে। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন, খেলেন এবং রেফারির ভুল ধরেন, প্রতিকার করেন, তাতে দেশবাসীর লাভ হবে।’
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।