প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭ পিএম
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : প্রবা
প্রতিবেশী মিয়ানমারের পক্ষ থেকে সীমান্তে গুলি ছোড়ার কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তারা সংযত না হলে এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে। মগের মুল্লুকের এই ধরণের উস্কানি এই অঞ্চলের জনগণের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে।
রবিবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী মিয়ানমার তাদের অভ্যন্তরীণ সঙ্কট মোকাবিলা করতে গিয়ে আমাদের সীমান্তে গুলি ছুড়েছে। তারা সংযত না হলে এহেন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করবে। মগের মুল্লুকের এই ধরণের উস্কানি এই অঞ্চলের জনগণের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। বাঙালি জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, বাঙালি প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম। বাঙালির ধৈর্য্য ও সহনশীলতাকে দুর্বলতা না ভেবে সম্মান করুন।
স্বপন বলেন, বাংলাদেশের এখন প্রধান লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা। এই লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সব রাষ্ট্রকে প্রধান এজেন্ডা হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, করোনাপরবর্তী চ্যালেঞ্জ এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সমগ্র বিশ্বের মানব সমাজের ওপর এক অভিশাপ হিসেবে নেমে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো বড় আপদ মানব জাতির ওপর আর আসেনি। উদ্ভুত টালমাটাল পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য টিকে থাকার সংগ্রাম অত্যন্ত চ্যালেঞ্জিং। এই অবস্থায় আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। স্থিতিশীলতা ব্যতীত বিশ্ব সঙ্কট মোকাবিলা করে টিকে থাকা এবং মানবকল্যাণের অগ্রযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
স্থানীয় মডেল স্কুল খেলার মাঠে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক এমপি আব্দুর রহমান বদি, আওয়ামী লীগ নেতা সাইমুম সারোয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অ্যাডভোকেট রঞ্জিত দাস, মাহবুবুর রহমান, ইউনুস বাঙালি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নুরুল বশর সভাপতি এবং বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রবা/এইচকে