ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:১৬ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:২৪ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ধোবাউড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রেমা নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলা গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চত করেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান। তিনি বলেন, ’লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা পাবিয়াস চিরান ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ব্যস্ততা সেরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পার্শ্ববর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও থেকে মা পাবিয়াস চিরানের সঙ্গে লাঙ্গলজোড়া গ্রামে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।