হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ০৯:১১ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ০৯:১৩ এএম
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে বুকে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৫০ জন। আহতদের অনেককে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছরের জাহাঙ্গীর মিয়া একই গ্রামের ধলাই মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কুশিয়ারতলা গ্রামের সাবেক মেম্বার আজমান মিয়া ও একই গ্রামের কাছম আলীর লোকজনের সঙ্গে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য গত ২৭ মার্চ সালিশ হয়। সালিশে বিষয়টি সমাধানও হয়।
এরই মধ্যে শনিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের মধ্যে জাহাঙ্গীর মিয়ার বুকে টেঁটা বিদ্ধ হয়। আহত হন ৫০ জনের মতো। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয় পক্ষের কেউ কেউ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি বদিউজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আহতরা হাসপাতালে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আমরা তাদেরকে শান্ত করি এবং আহতদের হাসপাতালে ভর্তি করি।’