প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ০০:৪৮ এএম
শনিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়া ইউনিয়নে প্রাইমেট ফেয়ার আয়োজন করা হয়। প্রবা ফটো
প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণিদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘প্রাইমেট ফেয়ার-২০২৩’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়া ইউনিয়নে এ মেলার আয়োজন করা হয়।
জার্মান অর্গানাইজেশন প্লাম্পলরিস ই ভি এবং পিটাছড়া বন ও বন্যপ্রাণি সংরক্ষণ উদ্যোগের যৌথ প্রচেষ্টায় মেলার আয়োজন করা হয়।
মেলার অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- বাংলাদেশের প্রাইমেটদের পরিচিতি, তাদের বাসস্থান সম্পর্কে ধারণা ও প্রাইমেটদের কিছু মজার তথ্য সম্পর্কে ধারণা দেওয়া। এ ছাড়া, বিশেষ আকর্ষণ ছিল পিটাছড়া পাঠাগারের শিক্ষার্থীদের পরিবেশিত গান এবং পাপেট শো।
মেলায় শিশু-কিশোররা তাদের অংশগ্রহণে কতটা মনযোগী ছিল তার উপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করা হয়। মেলায় সাত শিশু-কিশোরকে প্রাইমেট প্রটেক্টর বা প্রাইমেট রক্ষী উপাধি দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এ মেলায় প্রায় দেড়শরও বেশি শিশু-কিশোর অংশ নেয়।
মেলার মূল পরিকল্পনাকারী মার্জান মারিয়া বলেন, শিশু-কিশোরদের প্রকৃতির অপরিহার্য অংশ প্রাইমেটদের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া, পরিবেশ ও প্রতিবেশে তাদের অবদান সম্পর্কে শিশু-কিশোরদের অবগত করার জন্যই এ মেলার আয়োজন করা হয়।
মেলার কো-অর্ডিনেটর হাসান আল রাজী বলেন, বন সংরক্ষণ ও বনের বিস্তারের জন্য বানর গোত্রীয় প্রাণির কোনো বিকল্প নেই। বিভিন্ন কারণে এই প্রাণিরা কমে যাচ্ছে। এদের রক্ষা করার জন্য জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এই সচেতনতা যদি শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলেই বন সংরক্ষণে সফলতা আসতে পারে।
মেলার সহযোগী সংগঠন পিটাছড়া বন ও বন্যপ্রাণি সংরক্ষণ উদ্দ্যোগের প্রতিষ্ঠতা মাহফুজ আহমেদ রাসেল বলেন, ‘এ ধরনের মেলা আমরা সচরাচর আয়োজন করে থাকি। তবে প্রাইভেট বা বানর গোত্রীয় প্রাণির এই মেলা সম্পূর্ণ নতুন একমাত্র যোগ করেছে। পরবর্তীতে এই মেলা আমরা জেলা ভিত্তিকভাবে আয়োজন করার পরিকল্পনা করছি।’