সিলেট অফিস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৮:১৫ পিএম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিমানে ঢাকা থেকে সিলেটে এসেছিলেন।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত নির্বাচনে সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বিরুদ্ধে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তাদির।
বিএনপি নেতাদের দাবি, শনিবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মুক্তাদির সিলেটে আসছিলেন। পুলিশি বাধার মুখে নগরীর তিনটি পয়েন্টে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।
অবশ্য পুলিশ বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিএনপিকে উন্মুক্ত স্থানের বদলে কোনো কমিউনিটি সেন্টার বা ইনডোরে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।