× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ঈদবাজার ঘিরে সক্রিয় ছিনতাইকারী চক্র

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৬ পিএম

ঈদের জন্য কেনাকাটা করতে আসা এক মহিলার ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় আটক এক ছিনতাইকারী। প্রবা ফটো

ঈদের জন্য কেনাকাটা করতে আসা এক মহিলার ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় আটক এক ছিনতাইকারী। প্রবা ফটো

ঈদুল ফিতর সামনে রেখে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতানে জমে উঠেছে বেচাকেনা। বিপণিবিতানগুলোয় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ভিড় জমাচ্ছেন দোকানগুলোয়। কেনাকাটার জন্য ক্রেতাদের উপস্থিতির সুযোগে মাওনা উড়ালসড়কের আশপাশ এলাকায় ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে ঈদের জন্য কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করলেও আরেকজন পালিয়ে যান।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তার সঙ্গে ছিনতাইয়ের সহযোগী হিসেবে ছিলেন মো. হোসেন, আজহারুল রাকিব, মোফাজ্জল, জহিরুল ইসলাম। তারা ১০-১২ জনের একটি দল মাওনা চৌরাস্তা এলাকায় ছিনতাই করেন।

ব্যবসায়ীদের দাবি, ছিনতাইকারীদের ধরে থানায় ফোন দিলেও পুলিশ আসছি বলে দু-তিন ঘণ্টা পার হলেও আসে না। তা ছাড়া থানায় দেওয়ার পর পুলিশ ব্যবসায়ীদের মামলার বাদী হতে বলে। বাদী হওয়ার ঝামেলা এড়াতে ব্যবসায়ীরা আটক ছিনতাইকারীদের থানায় সোপর্দ করার আগ্রহও হারিয়ে ফেলছেন। তাই ছিনতাই রোধে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘ছিনতাইয়ের বিষয়টি ব্যবসায়ীরা আমাকে অবগত করেননি। আপনার (সাংবাদিক) মাধ্যমে আমি এইমাত্র বিষয়টি জানতে পারলাম। আজ থেকেই গুরুত্বপূর্ণ বাজারে টহল জোরদার করে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী টিটু সিকদার বলেন, ‘ঈদ সামনে রেখে মাওনা চৌরাস্তার প্রতিটি মার্কেটের দোকানে বিকিকিনি জমজমাট হয়ে উঠেছে। নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছেন হাজারো মানুষ। এ সুযোগ কাজে লাগিয়ে বাজারে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে একাধিক ছিনতাইকারী চক্র। চক্রের সদস্যরা বিভিন্ন মার্কেটে ক্রেতার ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছেন মুঠোফোন ও মূল্যবান মালামাল।’

ব্যবসায়ীরা জানান, গত কয়েক দিনে শপিং সেন্টার ও মার্কেটের সামনে থেকে অন্তত ১৫ জন ক্রেতার মোবাইল ছিনতাই করেছেন ছিনতাইকারীরা। স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং রয়েছে মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচে। নারীরাও জড়িত রয়েছে এ সংঘবদ্ধ চক্রের সঙ্গে।

এ চক্রের সদস্যরা সার্বক্ষণিক সেতুর আশপাশ এবং বিভিন্ন শপিং সেন্টার, মার্কেটে সার্বক্ষণিক অবস্থান নেন। তাদের প্রত্যেকের সঙ্গে ছুরিসহ অন্য অস্ত্রও থাকে। এখানে প্রতিদিনই নারী এবং পুরুষ ক্রেতাদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঈদবাজার জমে ওঠার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো ভূমিকা না থাকায় ভয়ে আছেন ব্যবসায়ী ও ক্রেতারা। দ্রুত এসব ছিনতাই রোধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

মাওনা চৌরাস্তার মালেক মাস্টার সুপার মার্কেটের ব্যবসায়ী কফিল উদ্দিন বলেন, বাজার কমিটি, ইজারাদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনসাধারণ ও ক্রেতাদের সতর্ক করতে প্রচার চালাতে হবে। পাশাপাশি অপরাধীরা যাতে ভয় পায় সেভাবে ব্যবস্থা করতে হবে।

মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম রতন বলেন, ‘স্থানীয়ভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে ছিনতাইকারী চক্রের হাত থেকে নিজেকে ও মূল্যবান মালামাল রক্ষার্থে মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালালেও এখনও মার্কেটগুলোয় পুলিশি টহল জোরদার করা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা