মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৯:০২ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২০:০১ পিএম
বিদেশি পর্যটকরা সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। প্রবা ফটো
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শন করেছেন ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এম ভি গঙ্গাবিলাসে আসা নরওয়ে, কানাডা ও ইংল্যান্ডের ২২ পর্যটক। শুক্রবার (৭ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে জালিবোটে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র যান তারা। এ সময় সেখানকার প্রধান বন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির তাদের অভ্যর্থনা জানান। পরে বিদেশি পর্যটকদের করমজল ঘুরে দেখান তিনি।
এর আগে গত বুধবার দুপুরে গঙ্গাবিলাসে করে মোংলা বন্দরে পৌঁছান এই পর্যটকরা। পরে তারা বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ দেখতে যান। গতকাল সকালে সুন্দরবনের করমজল ঘুরে দেখেন তারা। দুপুরের দিকে আবার গঙ্গাবিলাসে ফিরে যান।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা ঘুরে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে পর্যটকরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন প্রমোদতরিটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তিনি বলেন, ’১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরবেন পর্যটকরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে প্রমোদতরিটি।
১ এপ্রিল ভারতের কলকাতা থেকে নরওয়ের ১৯ জন, একজন ব্রিটিশ ও দুজন কানাডিয়ান পর্যটক নিয়ে রওনা হয় গঙ্গাবিলাস। ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ-চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরিটি। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাত বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে পাঁচতারকা মানের ভারতীয় এই ক্রুজটি।