কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৩:০১ পিএম
বাস শ্রমিকদের মারধরের ঘটনায় খুলনা-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া বাস মালিক শ্রমিক ঐক্যজোট। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘৩ এপ্রিল থেকে ঝিনাইদহের মালিক-শ্রমিকরা কুষ্টিয়ার বাস ওই জেলার উপর দিয়ে চলতে দিচ্ছে না। আমরা তিন চারদিন অপেক্ষা করলাম। এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নিয়ে আজ থেকে খুলনা-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এই শ্রমিক নেতা আরও বলেন, ‘আমাদের জেলার (কুষ্টিয়া) হাইওয়ে খুব কম। পূবে খোকসা, পশ্চিমে খলিসাকুন্ডি ও ভেড়ামারা লালনশাহ্ ব্রিজ এবং দক্ষিণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট। এই কারণে ঝিনাইদহের মালিকদের অন্যায় দাবি মেনে চলতে হয় আমাদের। খুলনা রুটে চলাচলকারী আমাদের ৩৬টি গাড়ির মধ্যে ১৫টিই ঝিনাইদহের মালিকদের।’
কুষ্টিয়া বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (খুলনা-৭২) সভাপতি মাহাবুব আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বেশ কিছুদিন থেকে ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা তাদের মালিকানাধীন বাসের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে নতুন টিপ চাচ্ছেন। পরশু আমাদের পক্ষে বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের মালিকদের সঙ্গে বসি। এ সময় সেখানে তারা (ঝিনাইদহের মালিক-শ্রমিক) কুষ্টিয়ার বাসের স্টাফদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে কুষ্টিয়ার মালিক-শ্রমিক মিলে আজ শুক্রবার থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খুলনা ও ফরিদপুর থেকে কোনো বাস কুষ্টিয়ার সীমানায় ঢুকতে দেওয়া হবে না।’ স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।