মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৯:১৯ পিএম
ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। প্রবা ফটো
মানিকগঞ্জে এক মৃত মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করার অভিযোগে আব্দুস সামাদ নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সামাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত মুন্নাফ মিয়ার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তেবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মারা যান ২০০৭ সালে। প্রকৃত ওই মুক্তিযোদ্ধার নামের সঙ্গে মিল থাকায় ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তার ছেলে ময়নালের সহযোগিতায় মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেন। সনদে আব্দুস সামাদ দৌলতপুর উপজেলার গালা গ্রামের ঠিকানা ব্যবহার করেন।
ওসি আরও জানান, এই সংবাদ জানতে পেরে প্রকৃত মুক্তিযোদ্ধার মেয়ে সেলিনা বেগম সিংগাইর থানায় একটি প্রতারণার মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে আদালত আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।