সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:০৩ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:২৭ পিএম
অলংকরণ প্রবা
দুজনই ইজিবাইকচালক। চলতি পথে তাদের বাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে বাঁধে তুলকালাম। কয়েকজনকে ডেকে নিয়ে এসে এক চালক হামলা চালায় অপর চালক ও তার স্বজনের ওপর। ঘটনাস্থলেই প্রাণ হারান স্বজন। হত্যার এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায়। হামলায় আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ফারুক মিয়া শহরতলির মাইজবাড়ি গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে নবীনগর পয়েন্টে মাইজবাড়ি এলাকার রোমান মিয়ার ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ঝুমন বনানীপাড়ায় কয়েকজন যুবককে ডেকে নেয়। তারা এসে ধারালো অস্ত্র নিয়ে রোমান ও তার বাবার ওপর হামলা চালায়। হামলায় আহত ফারুক মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রোমানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলেও জানান তিনি।