শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৫২ পিএম
ঘুষ নেওয়ার অভিযোগে শরীয়তপুর বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। প্রবা ফটো
শরীয়তপুরে বাংলাদেশ
ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ
উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। বৃহস্পতিবার (৬ এপ্রিল)
দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সমন্বিত জেলা
কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্পনগরী অবস্থিত।
সেখানে ১০০টি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্লট রয়েছে। বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ
মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন কৌশলে তিনি প্রতারণা ও জিম্মি করে ব্যবসায়ীদের
কাছ থেকে টাকা নিতেন। তার স্ত্রীর নামে বিসিকে প্লটও নিয়েছেন। এর মধ্যে মনির হোসেনের
বিরুদ্ধে শিল্পমালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ গ্রহণ করার অভিযোগ ওঠে। একজন শিল্পপ্লটের
মালিক দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেন। ওই ব্যক্তি বৃহস্পতিবার বিসিক
কর্মকর্তা মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এ সময় অভিযানে দুদক মাদারীপুর
কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা
কার্যালয়, মাদারীপুরের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক
করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সম্বনিত জেলা
কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল
বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে। ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার
সময় উপব্যবস্থাপককে আটক করা হয়। পরে প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে শরীয়তপুর বিসিকের শিল্পনগরী কর্মকর্তা অর্ক সরকার বলেন, ‘দুদকের একটি দল আজকে দুপুরে আমাদের কার্যালয়ে কী অভিযোগে অভিযান চালিয়েছেন, তা আমি বলতে পারব না। আমাদের উপব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।’