বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:১৮ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৮ পিএম
ষাটগম্বুজ মসজিদে গঙ্গা বিলাসে আসা পর্যটকরা। প্রবা ফটো
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখেছেন ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে আসা নরওয়ে, কানাডা ও ইংল্যান্ডের ২২ পর্যটক। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন তারা। দীর্ঘক্ষণ ষাটগম্বুজ মসজিদ ঘুরে খানজাহান আলী (রহ.)-এর মাজারে যান তারা। সেখানে কিছুক্ষণ থেকে দুপুরে আবার সড়ক পথে মোংলার উদ্দেশে রওনা হন। ষাটগম্বুজ ও মাজার দেখে সন্তোষ প্রকাশ করেন এই বিদেশি পর্যটকরা।
এর আগে বুধবার (৫ এপ্রিল) বিকালে জাহাজটিতে মোংলা বন্দরে পৌঁছান তিন দেশের ২২ পর্যটক। শুক্রবার (৭ এপ্রিল) সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে পর্যটকরা নারায়নগঞ্জ ও সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তৌফিক রহমান বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরবেন এই পর্যটকরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি।
টুরিস্ট পুলিশের বাগেরহাট জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মিয়া সরদার বলেন, বিদেশি দর্শনার্থীরা ষাটগম্বুজ ও মাজার দেখে খুবই খুশি হয়েছেন। বিশেষ করে ষাটগম্বুজের নির্মাণশৈলী দেখে বিস্ময় প্রকাশ করেছেন তারা। আবারও বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছেন অনেকে।
১ এপ্রিল ভারতের কলকাতা থেকে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুজন কানাডিয়ান পর্যটক নিয়ে ছাড়ে প্রমোদতরী গঙ্গা বিলাস। ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে ৫ এপ্রিল মোংলা বন্দরে প্রবেশ করে জাহাজটি। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে ফাইভস্টার মানের এ ভারতীয় ক্রুজটি।