সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৪:২৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৪:৩৫ পিএম
সরিষাবাড়ী থানা। ছবি সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় জামায়াতে ইসলামীর আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ীর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মালিপাড়া গ্রামের মনির উদ্দিন ও চর হরিপুর গ্রামের আক্তারুজ্জামান সোহাগ।
ফয়সাল আহমেদ জানান, বুধবার (৫ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার মহাদান ইউনিয়নের মহাদান গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি ওই মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশের বিশেষ ক্ষমতা আইনে উপপরিদর্শক বশিরউল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামায়াতের উপজেলা আমির মাসুদ রানা দুলাল বলেন, ‘আমাদের দলীয় কোনো প্রোগাম ছিল না। একটি নতুন ঘর তৈরি উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজনে তারা গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।’
গত ১১ ফেব্রয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে সানাকইর বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতারা অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে উদ্দেশ্য করে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেন নেতাকর্মীরা।
এ ঘটনায় উপপরিদর্শক বশিরউল ইসলাম ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে জামায়ত-বিএনপির ৬৪ নেতার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ১৩ ফেব্রুয়ারি মামলার এজাহারভুক্ত মিজানুর, সেলিম, বেলাল, জাহাঙ্গীর ও সানোয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।